সাথী,
২০০৯ সাল থেকে খোলো আঁখির শিক্ষা প্রকল্প “সহজ পাঠ” শিক্ষার প্রসারের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রাম ও শহরে কাজ করে চলেছে। মৃগেন্দ্র মোহন গুহর জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে গ্রামের শিশুদের শিক্ষার প্রসারে খোলো আঁখি এক নতুন ভূমিকা নিয়েছে।
আমাদের বন্ধু সংস্থা “অন্ত্যোদয় অনাথ আশ্রম” বীরভূমের প্রত্যন্ত গ্রাম গাংটেতে একটি প্রাথমিক স্কুল “সুপারট্রোন- রেবতী শিশু শিক্ষা কেন্দ্র” পরিচালনা করে যেটি ওই গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়।
১৫০ জনের বেশী আদিবাসী শিশু সম্পূর্ণ বিনা খরচে সেখানে শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। সকাল ও দুপুরের খাবার ব্যবস্থাও থাকে। আশ্রম কর্তৃপক্ষ এই বিদ্যালয়ের ৮ জন শিক্ষক-শিক্ষিকার বেতন বাবদ “খোলো আঁখি”র কাছে কিছু নিয়মিত অর্থ সাহায্যের আবেদন করেন।
শিক্ষার আলোক বৃত্তের বাইরে থাকা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, সুবিধা বঞ্চিত, অতি দরিদ্র পরিবারের এই শিশু গুলিকে অশিক্ষার অন্ধকার থেকে আলোর পথে আনার কাজে অংশীদার হতে “খোলো আঁখি” যুগ্ম ভাবে “অন্ত্যোদয় অনাথ আশ্রম” এর সঙ্গে ওই বিদ্যালয় পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা ১লা মে, ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
আশা রাখি এই প্রকল্পের মাধ্যমে আরও বেশী সংখ্যক শিশুকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা সম্ভব হবে। বিশ্বাস করি বঞ্চনার শিকার এই শিশুগুলি একদিন সমাজের মূল স্রোতে মিশে সুন্দর জীবনের পথে এগিয়ে চলবে।
আমাদের পথ চলার সাথী সকল সুধী জনকে জানাই ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা।
অভিনন্দন সহ
সদস্য বৃন্দ
খোলো আঁখি।
৫ই মে ২০২৬
